নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ১৪ জুন, ২০২৬

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সদরদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আজ রোববার (১৪ জুন) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “দুদকের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। গত ১২ জুন তারা একটি চিঠি দিয়ে আমাদের এ তথ্য জানিয়েছে।”

বেনজীর আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি পুলিশ সুপার (এসপি) থেকে আইজিপি পদে উন্নীত হয়ে বাংলাদেশ পুলিশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে শীর্ষ পদে পৌঁছানো কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন।

চাকরি থেকে অবসর নেওয়ার পর তার ও তার পরিবারের সদস্যদের নামে অস্বাভাবিক সম্পদ অর্জনের অভিযোগ ওঠে। দুদক এসব অভিযোগ তদন্ত করে তার ও তার স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে।

বর্তমানে তাকে দুবাইয়ে রিমান্ডে রাখা হয়েছে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদরদপ্তর।

Spread the love