স্পোর্টস ডেস্ক |
বিশ্বকাপের গ্রুপপর্বের হাই-ভোল্টেজ ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মরক্কো। নিউ জার্সির মাঠে ‘সি’ গ্রুপের ম্যাচটিতে প্রথমার্ধেই সাইবারির গোলে এগিয়ে যায় আফ্রিকান দলটি। তবে বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি তারা। ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত গোলে সমতা ফেরায় ব্রাজিল। বিরতির পর দুই দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা মেলেনি।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ড্র করেও সন্তুষ্ট নয় মরক্কো। ম্যাচ শেষে কোচ মোহাম্মদ উয়াহবি বলেন, “আমরা ভালো খেলেছি। লক্ষ্য ছিলো জয়। কিন্তু ফুটবল এমনই। যেসব জায়গায় ঘাটতি ছিলো, সেগুলো নিয়ে কাজ করতে হবে। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেছি। তারা হতাশ, কারণ তারা জিততে চেয়েছিলো।”
ড্র করলেও একটি উল্লেখযোগ্য রেকর্ড গড়েছে মরক্কো। ব্রাজিলের বিপক্ষে হার এড়িয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত থাকার কীর্তি গড়েছে দলটি। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে বর্তমানে এটিই যৌথভাবে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড। স্পেনও সমান সংখ্যক ম্যাচে অপরাজিত রয়েছে।
দ্বিতীয়ার্ধে ম্যাচের গতি কমে যাওয়ার কারণ হিসেবে গরম আবহাওয়ার কথা উল্লেখ করেন উয়াহবি। তিনি বলেন, “গরমের কারণে ম্যাচের গতি কিছুটা কমে গেছে, যা স্বাভাবিক। এখন আমরা স্কটল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে আছি। তাদের খেলার ধরন ব্রাজিলের চেয়ে ভিন্ন। সে অনুযায়ী প্রস্তুতি শুরু করেছি।”
আগামী ১৯ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে আশরাফ হাকিমিরা। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হাইতি।

