ঢাকার আশুলিয়ায় ছাগলকে ঘিরে সৃষ্ট বিরোধের জেরে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। নিহতের নাম রূপবান বেগম (৪৫)। এ ঘটনায় আলি সরকার (৫৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে রূপবান বেগমের একটি ছাগল অভিযুক্ত আলি সরকারের বাড়ির উঠানে ঢুকে ঘাস খেতে শুরু করে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আলি সরকার ছাগলটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি জানতে ও প্রতিবাদ জানাতে রূপবান বেগম আলি সরকারের কাছে গেলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আলি সরকার ধারালো দা দিয়ে রূপবান বেগমের পায়ে আঘাত করেন বলে স্থানীয়রা জানান।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়।
নিহত রূপবান বেগম আশুলিয়ার তাজপুর এলাকার বাসিন্দা এবং জয়নাল সরকারের স্ত্রী। অভিযুক্ত আলি সরকার একই এলাকার মৃত সুলতান সরকারের ছেলে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
