ঢাকা প্রতিনিধি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেছেন, ঝিনাইদহে জুমার নামাজ শেষে তাঁর ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। হামলার সময় ডিম, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় বলে অভিযোগ করেন তিনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহে সাম্প্রতিক হামলার ঘটনা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, মসজিদ থেকে বের হওয়ার পরপরই তাঁর দিকে ডিম ছুড়ে মারা হয় এবং একটি ডিম তাঁর চোখে লাগে। এতে তিনি সাময়িকভাবে কিছু দেখতে পাচ্ছিলেন না। পরে হামলাকারীরা ইটপাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও দাবি করেন, হামলার ঘটনায় বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি পুলিশেরও ভূমিকা ছিল। পরে থানায় মামলা করতে গেলে নানা ধরনের বাধার মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, দেশে রাজনৈতিক সহিংসতা ও অস্থিরতা বাড়ছে এবং সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে।
সংস্কার, দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে তাঁদের অবস্থান অব্যাহত থাকবে উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, কোনো চাপ বা হামলায় তাঁরা পিছিয়ে যাবেন না।
এ সময় সীমান্ত এলাকায় মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারত সীমান্ত দিয়ে অবাধে মাদক প্রবেশ করছে দাবি করে সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
