ঈদের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে নরসিংদী রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় এক নারী ও তাঁর দুই বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে স্টেশনের ২ নম্বর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের কারারচর গ্রামের সাথী বেগম (২৭) ও তাঁর ছেলে হাছেন মিয়া (২)।

স্থানীয় সূত্র ও রেলওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, সাথী বেগম তাঁর স্বামী সুজন মিয়া ও দুই সন্তানকে নিয়ে ঈদের কেনাকাটার জন্য নরসিংদী শহরে এসেছিলেন। কেনাকাটা শেষে রাতে তাঁরা বাড়ি ফেরার উদ্দেশ্যে রেলস্টেশনে যান।

সে সময় ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল ঢাকাগামী আন্তনগর মহানগর এক্সপ্রেস ট্রেন। দ্রুত পার হওয়ার জন্য অন্য যাত্রীদের মতো তারাও ট্রেনের একটি বগির ভেতর দিয়ে ওঠানামা করেন। প্রথমে কোলে সন্তান নিয়ে নামেন সাথী বেগম। ঠিক তখনই দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল আন্তনগর কক্সবাজার এক্সপ্রেস। মুহূর্তেই ট্রেনটির ধাক্কায় ছিটকে পড়েন মা ও ছেলে।

গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মা-ছেলেকে মৃত ঘোষণা করেন।

স্বজনদের আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। নিহত সাথী বেগমের স্বামী সুজন মিয়া বলেন, চোখের সামনেই স্ত্রী ও সন্তানকে হারিয়েছেন তিনি। ট্রেন আসতে দেখে চিৎকার করলেও তাঁদের বাঁচাতে পারেননি।

নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক দিলীপ চন্দ্র সরকার জানান, দাঁড়িয়ে থাকা ট্রেনের ভেতর দিয়ে পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Spread the love

By admin