
বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ঈদুল আজহার দিন পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে উপজেলার নারচী ইউনিয়নের গণকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন অভিযুক্ত স্বামীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিহত গৃহবধূর নাম মিমি বেগম (২৩)। তিনি একই গ্রামের রুবেল মিয়ার স্ত্রী। তাঁদের সংসারে দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল। ঈদের নামাজ শেষে বাড়িতে ফেরার পর আবারও দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে রুবেল মিয়া ধারালো কুড়াল দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই মিমি বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে সারিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের মা গোলেজা বেগম অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাঁর মেয়ের ওপর নির্যাতন চলছিল। পারিবারিক কলহের জের ধরেই ঈদের দিন তাঁর মেয়েকে হত্যা করা হয়েছে।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আসাদুজ্জামান জানান, অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।
